ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের শেষ দিনেও অবৈধ অস্ত্রের ব্যবহার ও কালো টাকা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট সমর্থিত বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। একই সঙ্গে নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খেজুর গাছ প্রতীকের এই প্রার্থী।
সংবাদ সম্মেলনে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট। তবে শেষ মুহূর্তে যাতে কোনো অপকৌশল বা অনিয়ম না ঘটে, সেদিকে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কালো টাকা ছড়ানোর বিষয়ে তিনি বলেন, “কিছু বিষয় নিয়ে গুঞ্জন রয়েছে। আমি নিজ চোখে দেখিনি, তবে কালো টাকা ছড়ানোর কথা শোনা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে কালো টাকার ছড়াছড়ি হয়, সেখানে আর সুষ্ঠু নির্বাচন থাকে না।”
অস্ত্রের ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “শোনা যাচ্ছে অনেকের কাছে অস্ত্র রয়েছে বৈধ কিংবা অবৈধ। যদি এটি সত্য হয়, তাহলে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার।”
তিনি আরও বলেন, “নির্বাচনে কোনো কোনো দল অপকৌশলের আশ্রয় নিতে পারে এমন আলোচনা চলছে। যারা এসব কৌশল তৈরি ও প্রয়োগ করছেন, তাদের বলবো এইভাবে জিতে কোনো তৃপ্তি পাওয়া যায় না। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন, নিজের বিবেককে জাগ্রত করুন।”
ভোটের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আমি শুধু সময় গুনছি। ১২ তারিখ আমি বিজয়ের মালা পরবো এই বিশ্বাস আমার আছে।”



















