আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারা দেশে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় আগামী পাঁচ দিন দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটগ্রহণ-পরবর্তী দুই দিন তারা মাঠে দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’-এর ৮৯এ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ ফেব্রুয়ারি এসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনী অপরাধ যেমন ভোটদানে বাধা, ভোটকেন্দ্র দখল, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা অন্যান্য তফসিলভুক্ত অপরাধের ঘটনায় ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯০(১) ধারায় সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার পরিচালনা করবেন।
ইসি সচিবালয়



















