নারায়ণগঞ্জ–৪ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমীকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে—এমন অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত প্রতিবাদপত্র দাখিল করা হয়েছে। প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ দাখিল করে মনির কাসেমীকে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি মনির হোসাইনের বিরুদ্ধে দায়ের করা চারটি অভিযোগ সরাসরি খারিজ করেন এবং একটি অভিযোগ তদন্তের আওতায় আনলেও সেটিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে অভিযোগকারী পক্ষের দায়ের করা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত বলে দাবি করা হয়। এ ধরনের অপপ্রচার নির্বাচনী পরিবেশ নষ্ট করার পাশাপাশি প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও উল্লেখ করা হয়।
মনির কাসেমীর পক্ষে দাখিল করা প্রতিবাদপত্রে অবিলম্বে এসব মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।



















