নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও তাঁর ছেলে সাজিব ভোটকেন্দ্র দখল করে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার পরিকল্পনা করছেন এমন তথ্য তিনি স্থানীয় ভোটারদের কাছ থেকে পাচ্ছেন।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে গিয়াসউদ্দিন দাবি করেন, তাঁর প্রতীক ‘ফুটবল’-এর পক্ষে কাজ করা নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। ভোটের দিন তাঁর সমর্থকরা যাতে কেন্দ্রের আশপাশে থাকতে না পারেন, সে লক্ষ্যে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আশ্বস্ত করা হয়েছে যে, কেউ যাতে ভোটকেন্দ্র দখল করতে না পারে এবং ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গিয়াসউদ্দিন গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁ উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানার ভোটারসহ সর্বস্তরের জনগণকে বিষয়টি অবহিত করেন। একই সঙ্গে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন এবং কেন্দ্রের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তাঁর পক্ষে নির্বাচনী কার্যক্রমে যুক্ত ব্যক্তিরা যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করেন এবং প্রয়োজনে তাদের সহায়তা নেন।
স্বতন্ত্র এ প্রার্থী দাবি করেন, তাঁর বিজয় ঠেকাতে প্রতিদ্বন্দ্বী পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এ পরিস্থিতিতে ভোটারদের সতর্ক থাকার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
শেষে তিনি সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।




















