নারায়ণগঞ্জ জেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার সব ভোটকেন্দ্রকে সিসিটিভি মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৭৯৭টি ভোটকেন্দ্রে ইতোমধ্যে সিসিটিভি স্থাপন সম্পন্ন হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৯২ হাজার ৩৭০ জন। তাদের জন্য ৬০২টি ভেন্যুতে ৭৯৭টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪৫১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হলেও সব কেন্দ্রেই থাকবে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী—
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটার ৪ লাখ ৮ হাজার ৮২৯ জন। এখানে ১০৯টি ভেন্যুতে ১২৯টি ভোটকেন্দ্র রয়েছে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ৩ লাখ ৬৪ হাজার ৯৮ জন ভোটারের জন্য ১১১টি ভেন্যুতে ১১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) আসনে ভোটার ৫ লাখ ৯৩ হাজার ৩৪৬ জন। এখানে ১৫৫টি ভেন্যুতে ২১০টি ভোটকেন্দ্র রয়েছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সদর আংশিক) আসনে ভোটার ৫ লাখ ৪০ হাজার ৮১৩ জন। ৯৭টি ভেন্যুতে রয়েছে ১৭৭টি ভোটকেন্দ্র।
নারায়ণগঞ্জ-৫ (সদর–বন্দর) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ২৮৪ জন। এখানে ১৩০টি ভেন্যুতে ১৬৩টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম বলেন, “ভোটকে শান্তিপূর্ণভাবে পরিচালনা ও সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে শতভাগ ভোটকেন্দ্রকে ইতোমধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে। ভোটের দিন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত থাকবে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা ও নজরদারিতে কোনো ঘাটতি রাখা হবে না।




















