নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভোটের দিন সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকার ৩৫টি কেন্দ্রে সার্বক্ষণিক সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রায়হান কবিরের কাছে লিখিত আবেদন জমা দেন তিনি।
আবেদনে মান্নান উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে অবস্থিত তিনটি ভোটকেন্দ্র স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের বাড়ির কাছাকাছি হওয়ায় সেগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। তার দাবি, এসব কেন্দ্রে দখল, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান, সংঘর্ষ কিংবা নাশকতার আশঙ্কা রয়েছে। প্রচারণাকালেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ মিলিয়ে ৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট চলাকালে এসব কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন না করা হলে সাধারণ ভোটারদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন মান্নান।
আবেদনে সোনারগাঁ উপজেলার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মোগরাপাড়া হরিদাস–গৌরগোবিন্দ–শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন (১ ও ২ নম্বর), সাদিপুর চৌড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিপুর উচ্চ বিদ্যালয়, সানমান্দি মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারদী নুনেরটেক উচ্চ বিদ্যালয় (১ ও ২ নম্বর), জামপুর উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়, শম্ভুপুরা চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয় (১ ও ২ নম্বর) এবং হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া সিদ্ধিরগঞ্জ অঞ্চলের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় (১, ২ ও ৩ নম্বর), হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় (১ ও ২ নম্বর), আল বালাগ আদর্শ একাডেমি, হীরাঝিল আইডিয়াল হাই স্কুল, মিজমিজি পাইনাদি ফাজিল মাদ্রাসা (১ ও ২ নম্বর), মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়, রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ (১, ২ ও ৩ নম্বর), সিদ্ধিরগঞ্জ দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, হৃদয়মনি ক্রিয়েটিভ স্কুল, ধনকুন্ডা পপুলার হাই স্কুল (১ ও ২ নম্বর), হলি কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা, হলি উইলস মডেল স্কুল এবং জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ (১, ২ ও ৩ নম্বর) অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।




















