পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
এক বিবৃতিতে তিনি বলেন, রমজান আত্মসংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ সময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নৈতিকতা চর্চা করা সবার দায়িত্ব। ইফতার ও খাদ্য সহায়তার পাশাপাশি চিকিৎসা, শিক্ষা উপকরণ বিতরণ ও কর্মহীনদের সহায়তায় উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
দ্রব্যমূল্য নিয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বাড়ানো থেকে বিরত থাকতে হবে। বাজার স্থিতিশীল রাখা শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি সামাজিক ও ধর্মীয় দায়িত্বও। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান তিনি।
যানজট নিরসনে নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন সোহেল। তিনি জানান, রমজান শুরুর দিন থেকে ১০০ জন স্বেচ্ছাসেবী ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিকেএমইএ এবং মডেল গ্রুপ-এর অর্থায়নে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নগরবাসীর প্রতি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সহযোগিতা করলে রমজানে যানজট পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
শেষে তিনি উল্লেখ করেন, রমজান ভোগের নয় আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও মানবতার মাস। তাই ব্যক্তি ও সামাজিক জীবনে সংযম বজায় রাখার আহ্বান জানান তিনি।



















