নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে পাইপলাইন সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল থেকে ত্রিবেণী ব্রিজের নিচ এলাকা থেকে এই কাজের সূচনা করা হয়।
নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত সময়ের মধ্যেই এই সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংসদ সদস্যের পুত্র ও তাঁর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব আবুল কাউসার আশার নির্দেশনায় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের তদারকিতে সংস্কার কাজটি পরিচালিত হচ্ছে।
এ সময় কাজের তদারকিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মো. সাগর, হাজী আলমগীর হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেস, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সুমন ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভোগা ২১ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টদের আশা, সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত হবে এবং বাসিন্দাদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।



















