নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।
সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি দায়িত্ব পালনের সময় টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে কিছুটা দূরে চলে যান। এ সময় তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলও ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, ওই সময় তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয়। ঘটনাকালে তিনি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন।
স্থানীয়দের দাবি, নিতাইগঞ্জের এই এলাকাটি দীর্ঘদিন ধরেই ছিনতাইপ্রবণ। এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং দুটি সরকারি হাসপাতাল থাকলেও প্রায়ই পথচারীরা ছিনতাইয়ের শিকার হন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।

















