নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অনুষ্ঠিতব্য লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নান উৎসব-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
রোববার (৯ মার্চ) বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী স্নান উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সভায় এমপি আবুল কালাম বলেন, স্নান উৎসবকে ঘিরে পরিকল্পনাকে দুটি ধাপে সাজানো যেতে পারে। এর মধ্যে একটি ধাপ হবে আগামী বছরের পুণ্যস্নানকে সামনে রেখে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া এবং অন্যটি হবে চলতি বছর আয়োজিত উৎসবকে কেন্দ্র করে অতীতের অভাব, অভিযোগ ও সমস্যাগুলো পর্যালোচনা করে সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব নাও হতে পারে। তবে চলতি বছরে যেসব সমস্যার মুখোমুখি হতে হতে পারে, সেগুলোকে অভিজ্ঞতা হিসেবে কাজে লাগিয়ে আগামী বছরের আয়োজনের জন্য আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব। হাতে থাকা প্রায় ১১ মাস সময়কে কাজে লাগিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া গেলে অনেক সমস্যার সমাধান করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















