নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উপদেষ্টা রফিউর রাব্বি বলেছেন, শহরে নানা ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে বিরাজ করছে। এসব সমস্যাকে স্পষ্টভাবে চিহ্নিত করে সমাধানের জন্য লিখিত প্রস্তাব আকারে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের কাছে উপস্থাপন করা প্রয়োজন।
সোমবার (৯ মার্চ) শহরের একটি রেস্তোরাঁয় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের মানুষ বহু সমস্যায় জর্জরিত। বিভিন্ন সময়ে এসব সমস্যা তুলে ধরা হলেও সমাধানের সুস্পষ্ট চিত্র এখনো দেখা যাচ্ছে না। তাই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান কী হতে পারে, তা লিখিত আকারে প্রস্তুত করা জরুরি।
তিনি আরও বলেন, যদি এসব প্রস্তাব প্রশাসন কিংবা স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিতভাবে দেওয়া যায়, তাহলে বাস্তবসম্মত সমাধানের একটি পথ তৈরি হতে পারে। ইতোমধ্যে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে অনেক সমস্যাই চিহ্নিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সিপিবির জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি হাসমতউল্লাহ এবং সঞ্চালনা করেন সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হক ভূঁইয়া দিপু।



















