নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এক্সকাভেটরের মাধ্যমে একটি ভাটার কার্যক্রম বন্ধ করে আংশিকভাবে ভেঙে ফেলা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় অবস্থিত মেসার্স এস ইউ এ ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস এবং নিজাম উদ্দিন ব্রিকস (এনবিএম সেভেন) প্রতিটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া, বোখারী ব্রিকসের একটি কিলন ভেঙে ফেলে এবং ভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















