নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দুই সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সামনে ঈদ, স্বাধীনতা দিবস ও হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসব রয়েছে। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইরি মৌসুমে যেন সারের কোনো সংকট না হয় সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে হবে। এছাড়া রমজান উপলক্ষে দুধ, ডিম, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার বর্তমানে সহনীয় পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন জেলা প্রশাসক।
পরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। “নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে বলেও জানান তিনি।
সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সিফাত উদ্দিন, জেলা কৃষি কর্মকর্তা আহসানুল বাসার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















