আসন্ন পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।
গালফ নিউজের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে আরও একটি রোজা পালন করা হবে। ফলে দেশটিতে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সে অনুযায়ী দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।
এদিকে তুরস্ক ইতোমধ্যে শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় দেশটি। অন্যদিকে সিঙ্গাপুরে চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনার কারণে শনিবার (২১ মার্চ) ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানায়, আবুধাবির খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে শাওয়ালের চাঁদের ছবি ধারণ করা হয়েছে। এতে চাঁদের অবস্থান ও বয়স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে তাৎপর্যপূর্ণ।
এর আগে অস্ট্রেলিয়াও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।

















