মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে আলোচনা শুরু হয়।
জানা যায়, চার মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ শুক্রবার রাত থেকেই ফেসবুকে ভাইরাল হতে থাকে। সেখানে এমপি হানজালাকে বিভিন্ন রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে দেখা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে তিনি বলেন, গত কয়েকদিন ধরে তিনি পরিস্থিতি শান্তভাবে সামাল দিচ্ছেন। তার ভাষায়, “আমাদের কিছু ভাই অনেক লেখালেখি ও মন্তব্য করছেন। তারা অন্য কেউ নন, শিবচরেরই বিএনপির লোক। আমি নির্বাচিত হওয়ার পর কখনো নেতাকর্মীদের দিয়ে হামলা-ধমকি দিইনি। আমার চুপ থাকা দুর্বলতা নয়, আমি শান্তি চাই।”
বক্তব্যের আরেক পর্যায়ে তিনি বলেন, “আমার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেছেন, বিএনপিকে খোঁচাখুঁচি করা হবে না। কিন্তু আমি যদি খোঁচাখুঁচি শুরু করি, তাহলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।”
তিনি আরও বলেন, রাজনীতি নিয়ে চিন্তা করার ক্ষেত্রে স্থানীয় ও জাতীয় পর্যায়ের পার্থক্য রয়েছে। তার মতে, অন্যরা শিবচর উপজেলা কেন্দ্র করে রাজনীতি করলেও তিনি পুরো বাংলাদেশকে কেন্দ্র করে ভাবেন। তিনি বলেন, “আপনারা চিন্তাভাবনা করবেন ইউনিয়ন বা ক্লাবের পরিসরে, আর হানজালা চিন্তা করে বাংলাদেশের পার্লামেন্টে।”
বক্তব্যের একপর্যায়ে নিজেকে ‘উদার’ দাবি করে হানজালা বলেন, “আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আপনাদের বাড়ির বাইরে বের হতে দিত না। আগে এমপির বিরুদ্ধে এ দেশে কেউ লিখতেও পারত না। আমি শিবচরের মানুষকে সেই বাকস্বাধীনতা দিয়েছি।”
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের ‘রিকশা’ প্রতীক নিয়ে শিবচর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমেদ হানজালা।



















