আলহেরা প্রি ক্যাডেট একাডেমি স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইনগর ছোবাহানিয়া স্কুল ও কলেজের আজীবন দাতা সদস্য এবং আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামাল সরদার। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মামুনুর রশিদ রিপন, বিপি নিউজের পরিচালক আরিফুর রহমান এবং সমাজসেবক মামুন সরকার। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্য বিশেষ খেলাধুলার আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে এবং ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত দর্শকদের আনন্দিত করে তোলে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের পরিচালক সেন্টু মিয়া। শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ ধরনের শিক্ষাবান্ধব ও আনন্দঘন আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক বলে মন্তব্য করেন অভিভাবকরা। বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।



















