আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
বুধবার (১৮ মার্চ) দিনভর তারা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় বাসস্ট্যান্ড, সংযোগ সড়ক ও যান চলাচলের ব্যস্ত এলাকাগুলোতে থেমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে সড়কের বর্তমান অবস্থা, যানবাহনের চাপ, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক যাত্রীসেবার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হয়।
জেলা প্রশাসক জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে মাঠ প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সক্রিয় রয়েছেন। কোথাও অতিরিক্ত ভাড়া বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে, পুলিশ সুপার বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

















