নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারির পর তিনি এলাকায় সক্রিয় সন্ত্রাসীদের নাম প্রকাশ করবেন।
বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শাহ আলম বলেন, সন্ত্রাসীদের নাম তিনি ইতোমধ্যে প্রশাসনকে অবহিত করেছেন। ফতুল্লা এলাকায় কারা সন্ত্রাসী, তা সবারই জানা রয়েছে। তবে প্রশাসন তার কাছে কিছুটা সময় চেয়েছে। তাদের আশ্বাস অনুযায়ী, তিনি যে অভিযোগগুলো দিয়েছেন সেগুলোর প্রতিকার দুই থেকে তিন দিনের মধ্যে করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে ১ ফেব্রুয়ারির পর সব তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্যে তার পক্ষে কাজ করা কর্মী-সমর্থকদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ সংক্রান্ত অভিযোগগুলো প্রশাসনের কাছে দেওয়া হয়েছে এবং সেগুলো শতভাগ সত্য বলেও দাবি করেন তিনি। শাহ আলম বলেন, “সন্ত্রাসী তো সন্ত্রাসীই। এ কারণেই বিষয়গুলো প্রশাসনকে জানিয়েছি। তারা আমাদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।”
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি সেন্টু প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রশাসনের কাছ থেকেই জানা যাবে। প্রশাসন যেহেতু তাকে সময় দিয়েছে, তাই আপাতত গণমাধ্যমের সামনে এ বিষয়ে কিছু বলতে চান না। তিনি বলেন, “ইনশাআল্লাহ, যা বলার তা ১ তারিখের পরই বলবো।”



















