নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, বিভিন্ন মহল থেকে যে আলোচনা ও পরামর্শ এসেছে তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণযোগ্য। এখন সময় এসেছে নারায়ণগঞ্জের উন্নয়ন ও সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক জানান, শহরের যানজটসহ বিভিন্ন যানচলাচল সমস্যার বিষয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আলোচনা করেছেন। ঈদের পর সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও সংসদ সদস্যদের নিয়ে আলাদা সভা করে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। রমজান মাসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ঈদের সময় অনেক পরিবার বাড়ি ফাঁকা রেখে বাইরে যান। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর দিতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনা ও অন্যান্য সমস্যা সমাধানে সংসদ সদস্যদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক বলেন, বন্দরে ইতোমধ্যে আটটি জাহাজ এসেছে এবং আরও কয়েকটি আসার কথা রয়েছে। সামান্য ঘাটতি থাকলেও বড় কোনো চাপ নেই। সরকার রোটেশন পদ্ধতিতে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করছে। তিনি সবাইকে জ্বালানি সাশ্রয়ে সচেতন থাকার আহ্বান জানান।
জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এছাড়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ এবং বিকেএমইএ-এর সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

















