নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসীহ ‘আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার’ শিরোনামে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আলহাজ্ব গোলাম মসীহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন। এ লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কমিউনিটি ফোর্স গঠন, ইউনিয়নভিত্তিক মোটরবাইক প্যাট্রোল চালু, সিসিটিভি ক্যামেরা স্থাপন, বাজার ও বাসস্ট্যান্ডে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দুটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন প্রার্থী গোলাম মসীহ। একই সঙ্গে সরকারি দপ্তরে দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে সমন্বয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
নারী ও শিশু নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, দুই থানায় নারী ও শিশু সুরক্ষা ডেস্ক চালু করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে নারী কমিউনিটি পুলিশ গঠন এবং বাজার ও বাসস্ট্যান্ডে পৃথক টয়লেট ও বসার ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক ভাতা বৃদ্ধি, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে মেডিকেল সেন্টারের উন্নয়ন, নতুন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, সিনিয়র সিটিজেনদের জন্য মেডিকেল কার্ড চালু এবং স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম লিখন, সদস্য শাহিন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সোহেল প্রধান, সমন্বয়কারী সৈয়দ রেদোয়ান হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।



















