বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে ‘গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ সমম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুন্নি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ছাত্র ফেডারেশন জেলা ও কলেজ শাখার সাবেক সভাপতি রফিকুল বাপ্পি এবং জেলা সভাপতি সাইদুর রহমান।
অঞ্জন দাস বলেন, “তরুণ শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যতের অংশীদার। মেধার বিকাশের জন্য প্রয়োজন ভয়ের মুক্ত পরিবেশ। ছাত্র ফেডারেশন দীর্ঘ সময় ধরে দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে লড়াই করেছে। এখন এই ক্যাম্পাসকে সম্পূর্ণ গণতান্ত্রিক করতে আমাদের সক্রিয় ভূমিকা থাকা জরুরি।”
সাইদুর রহমান উল্লেখ করেন, “ভিন্নমত দমনের রাজনীতি অতীতের অংশ। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত করা ও দখলমুক্ত ক্যাম্পাস গড়া হবে ছাত্র ফেডারেশনের অঙ্গীকার।”
সভাপতির বক্তব্যে রাইসা ইসলাম বলেন, “আমরা এমন তোলারাম কলেজ চাই, যেখানে শিক্ষার্থীরা যুক্তি ও মেধা দিয়ে নিজেকে উন্নত করবে। অতীতের দখলদারিত্বের দিন শেষ। এখন নতুন যুগের শুরু।”
অনুষ্ঠানে মহানগর ছাত্রদল, বাংলাদেশ ইসলামি আন্দোলন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দসহ অন্যান্য ছাত্র সংগঠনও উপস্থিত ছিলেন।



















