নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন বলেছেন, দীর্ঘ দেড় যুগ পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতার দুর্নীতি দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লার বক্তবলী, ধর্মগঞ্জ চটলারমাঠ, হরিহরপাড়া ও পঞ্চবটি এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হোসেন বলেন, তিনি কৃষক, শ্রমিক ও গরিব মানুষের রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী। বিপুল অর্থ ব্যয় করে নির্বাচনী প্রচারণা চালানোর সামর্থ্য তার নেই। তাই পায়ে হেঁটে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।
তিনি আরও বলেন, যারা কোটি কোটি টাকা খরচ করে প্রচারণা চালায়, তারা নির্বাচিত হওয়ার পর জনগণের দিকে আর তাকায় না। বরং লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের সম্পদ বাড়ায়। এ ধরনের প্রার্থীদের ভোট দিয়ে জনগণের দুর্দশা আরও বাড়ানো উচিত নয়।
নির্বাচিত হলে ফতুল্লার উন্নয়নে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, দখলকৃত খাল পুনরুদ্ধার, নারীদের নিরাপদ চলাচল ও কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।



















