নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক এক আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। তার দাবি, প্রায় দশদিন আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে গেলে হুমকির মুখে পড়ছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
অভিযুক্ত ব্যক্তি নাসির উদ্দিন, যিনি ২০২২ সালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রূপগঞ্জ উপজেলার তারাব পৌর বিএনপির সাবেক সভাপতিও ছিলেন।
লিখিত বক্তব্যে ওই নারী জানান, প্রায় ছয় মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে নাসির উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এ সময় তাকে বিদেশে চাকরি ও বিয়ের প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।
নারীর ভাষ্য অনুযায়ী, গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে একটি প্রাইভেটকারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে জানালে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি নাসির উদ্দিনের সঙ্গে তার কিছু ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাট উপস্থাপন করেন। তবে এসব তথ্যকে ‘এডিটেড’ বলে দাবি করেছেন অভিযুক্ত নেতা।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়ার সময় তাকে অপহরণের চেষ্টাও করা হয় বলে তিনি দাবি করেন।
আইনি প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকিও দেন ওই নারী।
অন্যদিকে, নাসির উদ্দিন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, তিনি রাজনৈতিকভাবে সক্রিয় এবং আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষ্য, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। তিনি অভিযোগকারী নারীকে চেনেন না বলেও দাবি করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।



















