নারায়ণগঞ্জে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চলছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আয়াজ। তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং বিভিন্ন কেন্দ্রে উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
মেজর আয়াজ বলেন, সেনাবাহিনীর সদস্যরা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে। র্যাব, বিজিবি, আনসার ও এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠপর্যায়ে টিম হিসেবে সক্রিয় রয়েছেন।
তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।



















