আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং সম্ভাব্য সংবেদনশীল স্থানে এ যৌথ টহল পরিচালিত হয়।
টহল চলাকালে বাহিনীর সদস্যরা জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় যৌথ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এ সময় স্থানীয় জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী ঘটনার বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। নির্বাচনকালীন সময়ে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



















