নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের জেরে নিজ দলের যুবদল কর্মীর ঘুষিতে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, শনিবারের দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাকালে কর্মসূচির তালিকায় নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রাজিব ও তার সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে সবুজ, জ্যেষ্ঠ সহ-সভাপতি আজাহার, যুবদল সভাপতি রিপন ও এমরাতের ওপর হামলা চালায়। মারধরের সময় ঘুষির আঘাতে আজাহার ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কাঞ্চন পৌর বিএনপির নেতাকর্মীরা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















