আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত ‘মাথাল’ প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন গণসংযোগ কর্মসূচি চালিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন গলাচিপা, মাসদাইর, জিউজ পুকুর, দেওভোগ পাক্কা রোড, পালপাড়া ও নন্দীপাড়া এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সৃজয় সাহা, রনি শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তারিকুল ইসলাম সুজন বলেন, “নির্বাচিত হলে শিশু ও নারীবান্ধব শহর-বন্দর গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। ঘর থেকে বের হওয়ার পর একজন নারীকে যে নিরাপত্তাহীনতার মুখে পড়তে হয়, তা আমরা সবাই জানি। এই শহর ও বন্দরে বিপুলসংখ্যক নারী শ্রমিক ও মেহনতি মানুষ রয়েছেন, যারা প্রয়োজন হলেও গভীর রাতে রাস্তায় বের হতে ভয় পান।”
তিনি আরও বলেন, “আমরা নারীদের জন্য নিরাপদ নগর-বন্দর গড়ে তুলতে চাই। অথচ আজও এই শহর-বন্দরে নারীদের জন্য একটি পাবলিক টয়লেটও নেই। আমি নির্বাচিত হলে নারীদের জন্য আলাদা পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হবে। নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার। আমার প্রতিদ্বন্দ্বীরা শুধু নারীদের ভোট চান, আর আমি নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”



















