পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ইতোমধ্যে ভোট প্রদান করেছেন।
এ ছাড়া ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
শুধু প্রবাসেই নয়, দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ১০ হাজার ৬৫০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন ভোট দিয়েছেন। ৫ লাখ ৬১ হাজার ১৩৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৯৫১টি ব্যালট বুঝে পেয়েছেন।
সালীম আহমাদ খান জানান, দেশে ও প্রবাসে মিলিয়ে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।



















