ফতুল্লার পঞ্চবটী মোড়ে সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপনের ঘটনায় এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমের দুই প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির শাপলা কলি প্রতীকের এবং স্বতন্ত্র প্রার্থীর হরিণ প্রতীকের প্রতিনিধিরা সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপন করলে এ জরিমানা করা হয়। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ার পর মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় প্রার্থীর প্রতিনিধিকে পৃথকভাবে ২ হাজার টাকা করে, মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৩(ঘ) ধারা লঙ্ঘনের কারণে বিধিমালার ২৭ ধারা অনুযায়ী আরোপিত জরিমানা।
তিনি আরও জানান, প্রার্থীদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে নির্বাচনী ক্যাম্প সরিয়ে নেন এবং ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।



















