আলীরটেক ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী
নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন আলীরটেক ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আলীরটেক ইউনিয়নে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। এ দুই ইউনিয়নের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে দুর্বল যোগাযোগ ব্যবস্থা।
তিনি আরও বলেন, বুড়িগঙ্গা নদীর ওপারে অবস্থান করায় এসব এলাকার মানুষ প্রতিনিয়ত যাতায়াত সমস্যার সম্মুখীন হন। জরুরি সেবা, প্রশাসনিক কার্যক্রম এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পেতেও তাদের ভোগান্তি পোহাতে হয়। এই অবহেলিত অবস্থা আর চলতে দেওয়া যায় না।
মুফতি ইসমাঈল সিরাজী বলেন, বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের টেকসই উন্নয়নের জন্য একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এ দুটি ইউনিয়ন দ্রুতই একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপ নিতে পারবে।
সভায় তিনি আরও বলেন, “আজ আমি আপনাদের কাছে এসেছি শুধু কথা বলার জন্য নয়, আপনাদের সমস্যার কথা সরাসরি শোনার জন্য। নির্বাচিত হলে যাতায়াত সমস্যার স্থায়ী সমাধানে সেতু নির্মাণে প্রয়োজনীয় সব কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”
মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।




















