নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ব্যালট বক্স ও ব্যালট পেপারের প্রস্তুতি নিচ্ছেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূইয়ার বাকবিতন্ডা শুরু হয়। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি ১১ ফেব্রুয়ারি রাত ৭টায় নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাই স্কুলে (১৯০ নং ভোট কেন্দ্র) ঘটেছে। জানা গেছে, বশিরুল হক ভূইয়া পূর্বে সিদ্ধিরগঞ্জ থানা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন এবং বর্তমানে তিনি এক স্কুলের প্রধান শিক্ষক।
সহকারি রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক উভয়েই ঘটনার সত্যতা পাননি। তাদের বক্তব্য, প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী কাগজপত্র গোছানোর কাজ করছিলেন এবং অভিযোগের কোনো প্রমাণ মেলেনি।



















