জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে কোনো বাধা দেওয়া হবে না।
এর আগে রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। নির্দেশনায় উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।
তবে সাংবাদিক ও পর্যবেক্ষকদের বিষয়ে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে।




















