মাদক ব্যবসার আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সংঘটিত রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় চারজন আসামিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন— শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মো. আলী (৪৮) ও সজিব (২৪)।
ডিবি সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি রাতে ফতুল্লা থানাধীন নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীরা রামদা, চাপাতি, ছোরা ও চাকুসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রায়হান মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪–৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেনের তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ডিবি আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি শরিফকে বুধবার (১৪ জানুয়ারি) আদালতে হাজির করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দেন। অপর আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে।




















