নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভবনের ছাদে স্টেইনলেস স্টিলের পাইপ বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরফান মোল্লা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ও আরেক মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরফান মোল্লা গোলাকান্দাইল এলাকার মৃত আফতাব মোল্লার ছেলে। আহতরা হলেন তার ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং একই কাজে নিয়োজিত মিস্ত্রি সাদিকুর রহমান (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের চারতলার ছাদে স্টেইনলেস স্টিলের পাইপ বসানোর কাজ করছিলেন আরফান মোল্লা। এ সময় লম্বা পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও মিস্ত্রি সাদিকুর রহমানও বিদ্যুতের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


















