নির্বাচনের মাত্র এক দিন বাকি থাকতে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তাদের জন্য জরুরি বার্তা দিয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। রোববার (৯ ফেব্রুয়ারি) তিনি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তিনি উভয় আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে দুই আসনের ভোটারদের মধ্যে তার প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে এবং গণজোয়ারের মাধ্যমে তার পক্ষে কাজ করছেন অনেক ভোটার।
গিয়াস উদ্দিন অভিযোগ করেন, তার জনপ্রিয়তা ও শক্ত অবস্থানকে দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হতাশ হয়ে সমর্থকদের বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। পাশাপাশি ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে গুজব ছড়ানো হচ্ছে, যাতে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি সতর্ক করেছেন, শেষ মুহূর্তে ষড়যন্ত্রের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করতে মিথ্যা প্রচারণা চালানো হতে পারে—কেউ বলবে তিনি নারায়ণগঞ্জ-৩ আসন ছেড়ে দিয়েছেন, আবার কেউ বলবে নারায়ণগঞ্জ-৪ আসন ছেড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, এই সব গুজব সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
গিয়াস উদ্দিন দ্ব্যর্থহীনভাবে বলেছেন, ভোটারদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা থেকে তিনি সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। তিনি ভোটারদের অনুরোধ করেছেন, কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে শান্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন, প্রশাসন এই আশ্বাস অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।



















