নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দখল করে বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম আজাদের নির্বাচনী প্রচারণার জন্য নির্মিত মঞ্চ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পিভিসি ব্যানার ব্যবহার ও অবৈধ পার্কিংয়ের দায়ে দুইজনকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আড়াইহাজার পৌরসভা এলাকায় সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খান জানান, নিয়মিত টহলের সময় আড়াইহাজার পৌরসভার চালপট্টি বাজার এলাকায় সড়কের ওপর একটি নির্বাচনী সমাবেশের মঞ্চ দেখতে পান তারা। সমাবেশের অনুমোদন সম্পর্কে জানতে চাইলে আয়োজকরা কোনো অনুমোদন দেখাতে পারেননি। পরে মঞ্চ অপসারণের নির্দেশ দেওয়া হলে আয়োজকরাই সেটি সরিয়ে নেন।
তিনি আরও জানান, পায়রা চত্বরে পিভিসি ব্যানার ব্যবহার ও সড়ক বিভাজকে ব্যানার টানিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলী (৪২) কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পপুলার হাসপাতালের সামনে সড়কে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার দায়ে মো. মামুন মিয়া (৩০) নামে একজনকে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পৌরসভা বাজার এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে অবৈধ হকার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজটপ্রবণ হয়ে উঠেছে। এতে জরুরি প্রয়োজনে দ্রুত চলাচল ব্যাহত হয়। এ কারণে অভিযান চালিয়ে অবৈধ হকার উচ্ছেদ ও অবৈধভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে দেওয়া হয়েছে।



















