নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম ভোটারদের উদ্দেশে উস্কানিমূলক ডর-ভয় উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের ওপর আস্থা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ফতুল্লা ইউনিয়নের কোতালেরবাগ, সস্তাপুর ও বাংলাদেশ খাদ (পাকিস্তান খাদ) এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
শাহ আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। তিনি বলেন, “এই সরকার কোনো দলীয় সরকার নয়। আমরা প্রত্যাশা করি প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।” নিরপেক্ষ নির্বাচন হলে উন্নয়নের স্বার্থে এলাকার জনগণ তাকে হরিণ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, নির্বাচিত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, এলাকাবাসীর সন্তান হিসেবে তিনি স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে অবগত এবং প্রশাসনিক ক্ষমতা পেলে স্বচ্ছভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।
শাহ আলম বলেন, কোনো ধরনের তছরুপ বা বরাদ্দের অপব্যবহার করা হবে না বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি জানান, জনসেবার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা পেলে সব সমস্যার সমাধান সম্ভব হবে বলে বিশ্বাস করেন।
শেষে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী মানেই সর্বদলীয় ও সাধারণ মানুষের প্রার্থী। এলাকার উন্নয়ন ও সেবার স্বার্থে হরিণ মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।



















