যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে—এমন আশঙ্কার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও স্বর্ণের দামে পতন দেখা গেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম।সোমবার (৮ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সকাল ৯টা পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ৩১৩ দশমিক ১১ ডলারে নেমে এসেছে। এর আগে শুক্রবার প্রায় ৩ শতাংশ দরপতনের মধ্য দিয়ে স্বর্ণের মূল্য ২৪ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।এদিকে আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দামও ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৩৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।আন্তর্জাতিক বাজারে এই দরপতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও স্বর্ণের দাম আরও কমানো হতে পারে।উল্লেখ্য, গত ৬ জুন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছিল।