দাবার বোর্ডে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে নারায়ণগঞ্জের কৃতি দাবাড়ু নুসরাত হাসান নাবা। ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান-২০২৬-এর দাবা ইভেন্টে ঢাকা উপঅঞ্চলের মধ্যম বিভাগে রানারআপ হয়েছে সে।শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। চূড়ান্ত লড়াইয়ে ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের প্রতিযোগী সিদরাতুল মুনতাহার কাছে পরাজিত হয়ে রানারআপের স্বীকৃতি পায় নাবা। ফাইনালে জয়ী হয়ে মুনতাহা চ্যাম্পিয়ন হয়।প্রতিযোগিতার শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখায় বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাবা। শুক্রবার প্রথম রাউন্ডে ফরিদপুরের প্রতিযোগীকে হারিয়ে পরের ধাপে জায়গা করে নেয় সে। এরপর কোয়ার্টার ফাইনালে মাদারীপুরের প্রতিযোগীকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।শনিবার সকালে অনুষ্ঠিত সেমিফাইনালে ঢাকা জেলার প্রতিযোগীকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে নুসরাত হাসান নাবা। শেষ পর্যন্ত ফাইনালে লড়াই করে দ্বিতীয় স্থান অর্জন করে সে।প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অংশ নেয়।নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমির কৃতি শিক্ষার্থী নুসরাত হাসান নাবার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদিকা মিসেস আঞ্জুমান আরা আকসির, বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান।তারা নাবার এই অর্জনের প্রশংসা করে ভবিষ্যতেও দাবার অঙ্গনে তার সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।