শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
কারাগারে মৃত্যু আওয়ামীলীগ নেতা হুমায়ুনের
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হুমায়ন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি এবং ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি প্রয়াত চান শরীফ সরদারের সন্তান।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বুকে তীব্র ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি মামলায় গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থাতেই হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন